নভেম্বর ১৫, ২০২৫, ০৩:৫৬ পিএম
বাংলাদেশ পুলিশ বাহিনীর নতুন পোশাক আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে আজ শনিবার থেকে। তবে সংস্কারের অংশ হিসেবে প্রাথমিকভাবে এই নতুন পোশাক সীমিত পরিসরে সরবরাহ করা হচ্ছে। পুলিশ বাহিনীর দীর্ঘদিনের সংস্কার এবং পোশাক পরিবর্তনের দাবি ওঠার পর অন্তর্বর্তী সরকার সম্প্রতি এই নতুন পোশাকের অনুমোদন দেয়।
প্রথম ধাপে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি সদস্যদের নতুন পোশাক দেওয়া হচ্ছে। নতুন নিয়মে নীল এবং সবুজ রঙের পরিবর্তে ভিন্ন রঙের পোশাক পরিধান করবেন রেঞ্জ এবং মহানগর পুলিশ সদস্যরা।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার তালেবুর রহমান সংবাদমাধ্যমকে জানান আজ শনিবার থেকে পুলিশের নতুন পোশাক চালু হচ্ছে।
তবে এটি ধাপে ধাপে অর্থাৎ পর্যায়ক্রমে সব সদস্যকে সরবরাহ করা হবে। এদিকে ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ জানান এখনো তারা পোশাক হাতে পাননি তবে অল্প সময়ের মধ্যেই তা থানায় এসে পৌঁছাবে।পুলিশের পোশাক পরিবর্তনের এই বৃহত্তর উদ্যোগ সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বিস্তারিত তথ্য দিয়েছেন। তিনি জানান পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি কেবল পুলিশের জন্য নয় বরং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং আনসার সদস্যদের জন্যও প্রযোজ্য হবে।
এই তিন বাহিনীর জন্য ভিন্ন ভিন্ন তিনটি পোশাক ডিজাইন নির্বাচন করা হয়েছে। তিনি উল্লেখ করেন এটি একটি বিশাল প্রক্রিয়া তাই এটি ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে, একসঙ্গে সবকিছু করা সম্ভব নয়। পোশাক পরিবর্তনের চেয়েও গুরুত্বপূর্ণ একটি দিক তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পোশাক পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবার মন মানসিকতা পরিবর্তনও করতে হবে যাতে জনগণ ও পুলিশের মধ্যে আস্থা ও সুসম্পর্ক তৈরি হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন