শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

নির্বাচন ঘিরে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৫, ০৪:২৫ পিএম

নির্বাচন ঘিরে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ রাখার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, এই নির্বাচনকে কেন্দ্র করে মোট ৯ দিনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নামবে।

এই ৯ দিনের মধ্যে নির্বাচনের আগে পাঁচ দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে তিন দিন কঠোর নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে।

তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সময়সীমা প্রয়োজনে সমন্বয় করা হবে বলেও তিনি উল্লেখ করেন। শনিবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের বিশাল পরিকল্পনাও তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, বর্তমানে সেনাবাহিনীর ৩০ হাজার সদস্য মাঠে থাকলেও নির্বাচনের সময় আরও প্রায় এক লাখ সেনা সদস্য মোতায়েন করা হবে। এছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৩৫ হাজার, নৌবাহিনীর ৫ হাজার, কোস্টগার্ডের ৪ হাজার এবং র‌্যাবের প্রায় ৮ হাজার সদস্য মোতায়েন থাকবে।

এই নির্বাচনে আনসার বাহিনীর সদস্যরা বড় ধরনের এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে জানান তিনি। আনসার বাহিনীর প্রায় সাড়ে পাঁচ লাখ সদস্য নির্বাচন ব্যবস্থাপনায় যুক্ত থাকবেন। তাদের জন্য আধুনিক অস্ত্র এবং বডি ক্যামেরাও সরবরাহ করা হবে বলে তিনি উল্লেখ করেন। এত বিপুল সংখ্যক বাহিনীর মোতায়েন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, নিরাপত্তা নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই এবং “ইলেকশন খুবই শান্তিপূর্ণভাবে হবে—এ নিয়ে সন্দেহের কিছু নেই।”

এছাড়াও সাবেক সরকারের পতন সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে যে সরকারের পতন ঘটেছে, তা কোনো একক বা ত্রিমুখী কারণে ঘটেনি। বরং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই এই সরকারের পতন সম্ভব হয়েছে। তিনি বলেন, আপনারা দেখেছেন—কীভাবে তারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদের আত্মীয়-স্বজনরা পালিয়েছে। এটি একজন বা দু’জনের কারণে হয়নি, হয়েছে জনগণের ইচ্ছার কারণে।