ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৯:১৫ পিএম
দুর্নীতির মামলায় দণ্ডিত ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার জন্য যুক্তরাজ্যের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের আবেদন জানাতে যাচ্ছে বাংলাদেশের নবনির্বাচিত বিএনপি সরকার। প্রধানমন্ত্রী মনোনীত তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্টকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সরকারের এই কঠোর কূটনৈতিক পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নবনির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পরপরই টিউলিপ সিদ্দিকসহ সেখানে অবস্থানরত দণ্ডিত অপরাধীদের একটি পূর্ণাঙ্গ তালিকা ও প্রত্যর্পণের আবেদন ব্রিটিশ সরকারের কাছে জমা দেবে।
হুমায়ুন কবির তার সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন যে, শেখ হাসিনা এবং টিউলিপ সিদ্দিক দুজনেই বর্তমানে বাংলাদেশের আদালতের রায়ে দণ্ডিত অপরাধী। বাংলাদেশের বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতা মেনে তাদের বিচার সম্পন্ন করেছে এবং ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষে সরকার কোনোভাবেই পিছপা হবে না।
যদিও বর্তমানে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সরাসরি কোনো প্রত্যর্পণ চুক্তি নেই, তবে এই আইনি সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে নতুন সরকার। সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে যে, বাংলাদেশ যদি অবৈধ অভিবাসন রোধে যুক্তরাজ্যের শক্তিশালী অংশীদার হতে পারে, তবে অপরাধীদের হস্তান্তরের ক্ষেত্রে ভিন্ন নীতি থাকা উচিত নয়।উল্লেখ্য যে, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
অন্যদিকে, হ্যাম্পস্টেড ও হাইগেটের ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ঢাকার একটি জমি ক্রয়ে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করে চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশের আদালত। তবে টিউলিপ সিদ্দিক শুরু থেকেই এই বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং মিডিয়া ট্রায়াল হিসেবে দাবি করে আসছেন।হুমায়ুন কবির ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারের প্রতি কড়া বার্তা দিয়ে বলেন, অপরাধীদের বিষয়ে যুক্তরাজ্যকে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে।
তিনি টিউলিপ সিদ্দিককে ব্রিটিশ সরকারের জন্য একটি বিব্রতকর বিষয় হিসেবে অভিহিত করেন। নতুন সরকার আশা করছে, ব্রিটিশ কর্তৃপক্ষ সেসব আওয়ামী লীগ নেতাকর্মী ও দণ্ডিতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে যারা লন্ডনে বসে অর্থ পাচার ও বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। দেশের স্বার্থে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের মর্যাদা রক্ষায় এসব অপরাধীকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন