এপ্রিল ৩, ২০২৬, ০৫:২০ পিএম
দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো ধরণের সংকট নেই এবং আগামী তিন মাসের জন্য সরকারের কাছে পর্যাপ্ত আমদানির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদুল হাসান চাঁদ বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
প্রতিমন্ত্রী বলেন তেলের সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক রাখতে সরকার সজাগ রয়েছে এবং এ নিয়ে কোনো ধরণের বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।
জ্বালানি সাশ্রয়ে সরকারের নেওয়া নতুন ও কঠোর পদক্ষেপগুলোর কথা উল্লেখ করে মীর শাহে আলম জানান এখন থেকে দেশের সব বাজার ও বিপণিবিতান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি ব্যয় সংকোচনের অংশ হিসেবে মন্ত্রী ও সচিবদের দাপ্তরিক ব্যয় ৩০ শতাংশ কমিয়ে আনার জোরালো নির্দেশনা দেওয়া হয়েছে।
তাঁর মতে বৈশ্বিক প্রেক্ষাপটে এই কঠিন সময়ে মিতব্যয়ী হওয়া ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প নেই। তিনি আক্ষেপ করে বলেন বিগত ১৭ বছর ধরে উন্নয়নের বাগাড়ম্বর শোনা গেলেও মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এখন প্রকৃত জরাজীর্ণ চিত্র ফুটে উঠছে যা সরকার সংস্কারের চেষ্টা করছে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের স্থানীয় অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে শাহে আলম জানান পার্ক বাজারের রাস্তা ও সার্বিক উন্নয়নের বিষয়ে জেলা স্থানীয় সরকার বিভাগের সঙ্গে ইতিমধ্যে আলোচনা সম্পন্ন হয়েছে।
জনভোগান্তি কমাতে জরুরি ভিত্তিতে এসব উন্নয়ন কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি। সংশ্লিষ্ট সূত্র জানায় তেলের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আমদানিকারকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে সরকার। তেলের মজুদ ও সরবরাহ পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন