এপ্রিল ৩, ২০২৬, ০৫:৩৮ পিএম
ফরিদপুর অঞ্চলে সেচ ব্যবস্থাপনা নিরবচ্ছিন্ন রাখতে কৃষকদের প্রয়োজনীয় ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জোরালো আশ্বাস দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বিশেষ করে ফরিদপুরের প্রধান অর্থকরী ফসল পাটের আবাদ নির্বিঘ্ন করতে সরকার সব ধরণের আগাম প্রস্তুতি গ্রহণ করেছে।
শুক্রবার ৩ এপ্রিল দুপুরে ফরিদপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে জানান বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সারাবিশ্বেই জ্বালানি তেলের তীব্র সংকট ও মূল্যবৃদ্ধি ঘটেছে। তবে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও বাংলাদেশের বর্তমান সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় তেলের দাম এখনো বাড়ায়নি।
কৃষকরা যাতে ডিজেলের অভাবে সেচ কাজ বন্ধ করতে না হয় সেজন্য বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। সরকারের পক্ষ থেকে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সব ধরণের তৎপরতা অব্যাহত রয়েছে।ফরহাদ হোসেন আজাদ এ সময় সতর্কবার্তা উচ্চারণ করে বলেন বর্তমানে প্রচণ্ড গরমের মৌসুম চলছে এবং এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টির পাঁয়তারা করতে পারে।
বাজার ব্যবস্থাপনা এবং সরবরাহ চেইনে যাতে কোনো অশুভ শক্তি হস্তক্ষেপ করতে না পারে সেজন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সজাগ থাকার নির্দেশ দেন তিনি। কৃষকদের কোনোভাবেই সংকটে পড়তে দেওয়া হবে না এমন প্রতিশ্রুতি দিয়ে প্রতিমন্ত্রী সাধারণ মানুষকেও এ বিষয়ে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান। বর্তমান সরকারের মূল লক্ষ্যই হলো কৃষি উৎপাদন সচল রেখে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন