এপ্রিল ৩, ২০২৬, ০৮:১৪ পিএম
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের রুহের মাগফেরাত কামনায় আজ শুক্রবার (৩ এপ্রিল) রাজধানী গুলশানের সোসাইটি জামে মসজিদে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ মার্চ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন এই বিশিষ্ট শিক্ষাবিদ।
মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় আয়োজিত এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
দীর্ঘ ৫৪ বছরের দাম্পত্য জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। স্পিকার বলেন, দিলারা হাফিজ কেবল তাঁর জীবনসঙ্গিনী ছিলেন না বরং তিনি ছিলেন একজন অত্যন্ত ধার্মিক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। নিয়মিত ইবাদত-বন্দেগির পাশাপাশি শিক্ষা বিস্তারে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি তাঁর সহধর্মিণী এবং প্রয়াত বাবা-মায়ের জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করে সবার কাছে বিশেষ দোয়া চান।উল্লেখ্য যে ১৯৪৯ সালে সুনামগঞ্জে জন্মগ্রহণ করা দিলারা হাফিজের কর্মজীবন ছিল অত্যন্ত বর্ণাঢ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী হিসেবে সরকারি ইডেন কলেজে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে তিনি সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB)-এর চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (DSHE) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার ও উন্নয়নে তাঁর অনবদ্য ভূমিকা আজও প্রশংসিত।
আজকের এই দোয়া মাহফিলে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি, সাবেক সংসদ সদস্য মো. মজিবর রহমান সরওয়ারসহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ, ভোলা-৩ আসনের বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেন। মসজিদের ইমামের পরিচালনায় মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন