এপ্রিল ৪, ২০২৬, ১০:০২ এএম
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই গৌরবময় অর্জনে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ যুব ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, দেশপ্রেম আর টিম স্পিরিটে উজ্জীবিত আমাদের সাহসী তরুণরা প্রমাণ করেছে যে, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে ও বিদেশে বাংলাদেশের এই বিজয়ের ধারা এভাবেই অব্যাহত থাকবে।
শুক্রবার মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে নির্ধারিত সময় গোলশূন্য ড্র থাকার পর টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পায় বাংলাদেশ। এর মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা নিজেদের ঘরে তুললো লাল-সবুজের প্রতিনিধিরা।
শনিবার এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী এই অসামান্য সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি মনে করেন, যুব ফুটবলারদের এই সাফল্য দেশের সাধারণ ক্রীড়ামোদী জনগণকে নতুনভাবে উজ্জীবিত করবে।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন। তাঁর মতে, বর্তমান সরকার ক্রীড়াকে একটি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে এ সংক্রান্ত বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নও শুরু হয়েছে। তিনি বিশ্বাস করেন, সঠিক পৃষ্ঠপোষকতা এবং তরুণদের কঠোর পরিশ্রমের মাধ্যমেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম আরও বৃদ্ধি পাবে।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী ফুটবল দলের প্রতিটি সদস্যের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, মাঠের এই লড়াইয়ে খেলোয়াড়রা যে ধৈর্য ও দক্ষতার পরিচয় দিয়েছে, তা প্রশংসনীয়। বিশেষ করে টাইব্রেকারের মতো স্নায়ুচাপের মুহূর্তেও তারা যেভাবে লক্ষ্য স্থির রেখে জয় ছিনিয়ে এনেছে, তা পুরো জাতির জন্য অনুপ্রেরণার।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, এই ধারাবাহিকতা বজায় রেখে আগামীতেও বড় বড় টুর্নামেন্টে বাংলাদেশ এভাবেই শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে যাবে। এর আগে শুক্রবার রাতে ম্যাচ শেষ হওয়ার পরপরই দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ এই বিজয় উদযাপন করেন। যুব দলের এই সাফল্য বাংলাদেশের ফুটবলের জন্য একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন