এপ্রিল ৭, ২০২৬, ০৬:১৩ পিএম
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মঙ্গলবার পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি`র সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানী ঢাকার জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রীর নিজস্ব দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি পানিসম্পদ ব্যবস্থাপনা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দুই দেশের সহযোগিতার ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠকের সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি উপস্থিত ছিলেন। আলোচনার শুরুতেই চীনের রাষ্ট্রদূত নবনিযুক্ত পানিসম্পদ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। রাষ্ট্রদূত তার বক্তব্যে উল্লেখ করেন যে, চীন বাংলাদেশের সাথে পরিবেশ রক্ষা ও পানিসম্পদ উন্নয়নে দীর্ঘমেয়াদী অংশীদার হিসেবে কাজ করতে গভীরভাবে আগ্রহী।
সাক্ষাৎকালে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। উন্নয়ন সহযোগী হিসেবে চীনের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
তিনি জানান, পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর চীনা রাষ্ট্রদূতের আহ্বানে সাড়া দিয়ে এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়। দুই দেশের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তার বক্তব্যে বলেন, পানিসম্পদ ব্যবস্থাপনা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় চীনের অর্জিত অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান বাংলাদেশের উন্নয়নে সহায়ক হতে পারে। বিশেষ করে নদী শাসন ও পানি ব্যবস্থাপনায় আধুনিক বিজ্ঞানের প্রয়োগ নিশ্চিত করতে চীন বাংলাদেশের পাশে থাকতে চায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশের নদীগুলোর নাব্যতা রক্ষা এবং উপকূলীয় অঞ্চলের পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় সম্ভাব্য কারিগরি সহায়তা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। মন্ত্রী রাষ্ট্রদূতের এই আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বাংলাদেশের স্বাস্থ্য ও সম্পদ ব্যবস্থাপনাকে উচ্চ আসনে নিয়ে যাওয়াই তাদের লক্ষ্য। পারস্পরিক কুশলাদি বিনিময়ের মধ্য দিয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠকটি শেষ হয়। এ ধরনের কূটনৈতিক তৎপরতা দুই দেশের উন্নয়ন যাত্রাকে আরও গতিশীল করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন