শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

জাতীয় ডেস্ক

এপ্রিল ১১, ২০২৬, ০৪:০৪ পিএম

হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

অসুস্থ ত্রাণমন্ত্রীকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানী ঢাকায় নেওয়া হচ্ছে। শনিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিজের নির্বাচনী জেলা লালমনিরহাটে দুই দিনের এক সরকারি সফরে যাওয়ার উদ্দেশ্যে সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান মন্ত্রী। 

অবতরণের পর বিমানবন্দরের ভিআইপি রেস্টরুমে অবস্থানকালে উপস্থিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন তিনি। সেই সময় হঠাৎ করেই তিনি তীব্র মাথা ঘোরা ও শারীরিক অস্বস্তি অনুভব করেন। পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিকভাবে তাকে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। 

সেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখেন।পরবর্তীতে শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল মনে হওয়ায় তাকে দুপুর ১২টা ১০ মিনিটের নিয়মিত ফ্লাইটে ঢাকায় পাঠানোর প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে শেষ মুহূর্তে তার শারীরিক অবস্থার পুনরায় অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। পরিস্থিতি জটিল হওয়ায় তাকে সাধারণ বিমানে না পাঠিয়ে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

এদিকে ঢাকা থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ইতোমধ্যেই সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে পৌঁছানোর পরপরই অসুস্থ মন্ত্রীকে তাতে করে রাজধানীতে নিয়ে যাওয়া হবে। ঢাকায় পৌঁছানোর পর তাকে কোন হাসপাতালে ভর্তি করা হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি। তবে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে তাকে নেওয়া হতে পারে বলে পারিবারিক সূত্র ইঙ্গিত দিয়েছে।

উল্লেখ্য যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি লালমনিরহাট জেলা ও উত্তরাঞ্চলের রাজনীতিতে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। মন্ত্রীর পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। বর্তমানে সৈয়দপুর বিমানবন্দর এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সিএমএইচের চিকিৎসকরা সার্বক্ষণিক তার দেখভাল করছেন।