বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন বার্তা

জাতীয় ডেস্ক

এপ্রিল ১১, ২০২৬, ০৪:৫১ পিএম

ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন বার্তা

মার্কিন ভিসা নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ এক বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (১১ এপ্রিল) দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এই বার্তায় বি১ এবং বি২ ক্যাটাগরির ভিসা নিয়ে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে অবস্থানকাল সংক্রান্ত বিভ্রান্তি দূর করা হয়েছে।

দূতাবাস তাদের নতুন নির্দেশনায় স্পষ্টভাবে জানিয়েছে যে একজন আন্তর্জাতিক ভ্রমণকারী মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর সেখানে ঠিক কতদিন অবস্থান করতে পারবেন, তা সম্পূর্ণভাবে নির্ভর করে সে দেশের ইমিগ্রেশন কর্মকর্তার ওপর। 

ভ্রমণকারীর পাসপোর্টে থাকা ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখটি মোটেও তার সেখানে অবস্থানের সময়সীমা নির্দেশ করে না। অর্থাৎ, কারো ভিসার মেয়াদ কয়েক বছর থাকলেও তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ইমিগ্রেশন অফিসার কর্তৃক নির্ধারিত সময়ের বেশি সেখানে অবস্থান করতে পারবেন না।

সাধারণত ভ্রমণকারীরা মনে করেন যে ভিসার মেয়াদ থাকা মানেই সেই তারিখ পর্যন্ত দেশটিতে থাকা যাবে। এই ভুল ধারণা ভাঙতেই দূতাবাস জানিয়েছে যে বিমানবন্দরে কর্মরত ইমিগ্রেশন কর্মকর্তা আগমনের উদ্দেশ্য যাচাই করে সেখানে থাকার সময়সীমা নির্ধারণ করে দেন। এটি হতে পারে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত। নিয়ম অনুযায়ী অনুমোদিত এই সময়ের পরে অবস্থান করাকে অবৈধ বলে গণ্য করা হবে, যা পরবর্তীতে পুনরায় ভিসা পাওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো ভ্রমণকারী বা যাওয়ার অপেক্ষায় থাকা ব্যক্তিদের উদ্দেশ্যে দূতাবাস পরামর্শ দিয়েছে যে তারা কতদিন থাকার অনুমতি পেয়েছেন তা নিশ্চিত হতে যেন তাদের আই-৯৪ (I-94) ফর্মটি যাচাই করেন। ভ্রমণকারীরা মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের নির্ধারিত ওয়েবসাইট লিংকে গিয়ে তাদের পাসপোর্ট নম্বর দিয়ে সহজেই ‍‍`অ্যাডমিট আনটিল ডেট‍‍` বা অবস্থানের শেষ তারিখটি দেখে নিতে পারবেন।

সাম্প্রতিক সময়ে মার্কিন ভিসা নীতি ও ইমিগ্রেশন নিয়ম নিয়ে কড়াকড়ির প্রেক্ষাপটে এই বার্তাটিকে বেশ গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। আন্তর্জাতিক যাত্রীদের আইনি জটিলতা এড়াতে ভ্রমণের শুরুতেই এই বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস। তথ্য অনুযায়ী নির্দিষ্ট সময়ের বেশি অবস্থান করলে মার্কিন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তাই প্রতিটি ভ্রমণকারীকে তাদের আই-৯৪ ফর্মে উল্লেখিত তারিখ মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।