এপ্রিল ১৪, ২০২৬, ০৩:১৭ পিএম
অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের মুখে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড (ইআরএল) তাদের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, গত সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কারখানাটিতে সর্বশেষ পরিশোধন কার্যক্রম পরিচালিত হয়েছে।
বর্তমানে কোনো কাঁচামাল অবশিষ্ট না থাকায় পরিশোধন প্রক্রিয়া পুরোপুরি স্থগিত রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মজুদ প্রায় ফুরিয়ে আসায় গত কয়েকদিন ধরে বিকল্প উপায়ে পরিশোধন সচল রাখার চেষ্টা করা হয়েছিল।
কক্সবাজারের মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের (এসপিএম) পাইপলাইনে জমে থাকা ৫ হাজার টন এবং বিভিন্ন ট্যাংকের তলানিতে পড়ে থাকা ‘ডেড স্টক’ তুলেও শেষ মুহূর্তের পরিশোধন কাজ চালানো হয়। তবে সেই মজুদও এখন শূন্যের কোঠায়।
ইআরএল সাধারণত দৈনিক গড়ে ৪ হাজার ৫০০ টন ক্রুড তেল পরিশোধন করে থাকলেও সংকটের কারণে গত মাস থেকে তা ৩ হাজার ৫০০ টনে নামিয়ে আনা হয়েছিল। সবশেষ তথ্যমতে, প্রতিষ্ঠানটির ব্যবহারযোগ্য তেলের মজুদ ২ হাজার টনের নিচে নেমে এসেছে।তেল শোধনাগারটি বন্ধ হওয়ার বিষয়ে ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত এবং নিয়ন্ত্রক সংস্থা বিপিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে জ্বালানি বিভাগ থেকে জানানো হয়েছে, পরিশোধিত জ্বালানি তেলের (ডিজেল, অকটেন ইত্যাদি) পর্যাপ্ত মজুত দেশে রয়েছে। ফলে ইস্টার্ন রিফাইনারি বন্ধ থাকলেও অভ্যন্তরীণ বাজারে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছে সংশ্লিষ্ট বিভাগ।বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্যমতে, বাংলাদেশ প্রতি বছর প্রায় ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করে। এর মধ্যে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল আসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে, যা ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা হয়।
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় গত দুই মাস ধরে অপরিশোধিত তেলের আমদানি প্রায় বন্ধ রয়েছে। আগামী মে মাসের প্রথম সপ্তাহের আগে দেশে নতুন তেলের চালান আসার কোনো সম্ভাবনা নেই। ফলে মে মাস পর্যন্ত ইস্টার্ন রিফাইনারিকে এই স্থবিরতা মোকাবিলা করতে হতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন