এপ্রিল ১৫, ২০২৬, ০২:২২ পিএম
সারা দেশে সরকারি চাকুরির বড় সুযোগ তৈরি করে ৫ লাখ কর্মচারী নিয়োগের বিশাল সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার সকালে জাতীয় সংসদের অধিবেশনে এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান, এই বিশাল নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে বর্তমানে শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোতে শূন্য পদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জন লোক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।
চতুর্দশ দিনের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী একটি লিখিত জবাবের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।জনশক্তি নিয়োগের পাশাপাশি গ্রামীণ ও শহর অঞ্চলের ক্রীড়া অবকাঠামো উন্নয়নেও সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় যথাক্রমে ৮ বিঘা ও ১০ বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ তৈরির জন্য একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি মাঠের স্থান নির্ধারণ ও অবকাঠামোগত উন্নয়ন কৌশল নিয়ে কাজ করছে। এছাড়া দেশের আইসিটি খাতের আধুনিকায়নেও সরকার বড় পদক্ষেপ নিয়েছে।
প্রধানমন্ত্রী জানান, হাই-টেক পার্ক, সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারগুলোকে কার্যকরভাবে পরিচালনা এবং বাংলাদেশে বহুল প্রতীক্ষিত পেপালের কার্যক্রম চালুর জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।ক্রীড়াবিদদের দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে বিশেষ ক্রীড়া ভাতাও চালু করেছে বর্তমান সরকার। নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী, জাতীয় পর্যায়ের ৫০০ জন ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদকে এই সুবিধা প্রদান করা হয়েছে বলে প্রধানমন্ত্রী সংসদকে অবহিত করেন। এর মাধ্যমে খেলোয়াড়দের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার বিশেষ ঋণের ব্যবস্থা করেছে। প্রধানমন্ত্রী জানান, ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। বিশেষ করে জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভিসার আগেই সার্টিফিকেট অফ এলিজিবিলিটির ভিত্তিতে এই ঋণ প্রাপ্তি সহজতর করা হয়েছে। সরকারের এই পদক্ষেপের ফলে প্রান্তিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনা ও কর্মসংস্থানের পথ আরও সুগম হবে। মূলত বেকারত্ব দূরীকরণ এবং দক্ষ জনশক্তি তৈরিতে এসব পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে সংসদীয় অধিবেশনে উল্লেখ করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন