এপ্রিল ১৬, ২০২৬, ১২:২৯ পিএম
আগামীকাল শুক্রবার পবিত্র হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার মধ্যরাত অর্থাৎ রাত সাড়ে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করবেন তিনি। ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ প্রধানমন্ত্রীর এই উদ্বোধনী কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন সাড়ে ৭৮ হাজার হজযাত্রী।ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যে, হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীর আশকোনা হজক্যাম্পে এখন চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে।
এ বছরও হজযাত্রীদের সৌদি আরব অংশের ইমিগ্রেশন ঢাকাতেই সম্পন্ন করার ব্যবস্থা রাখা হয়েছে যা `মক্কা রুট ইনিশিয়েটিভ` এর অংশ। এর ফলে হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে ইমিগ্রেশনের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি পোহাতে হবে না।
উদ্বোধনের প্রথম দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ফ্লাইনাস এবং সাউদিয়া এয়ার লাইন্সের মোট ১৩টি ফ্লাইটে হজযাত্রীরা দেশ ছাড়বেন।এদিকে হজযাত্রীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে ইতিমধ্য়ে ১৭১ জনের একটি অভিজ্ঞ মেডিকেল টিম সৌদি আরব পৌঁছেছে। হজযাত্রীদের সেবায় আরও দেড় শতাধিক সেচ্ছাসেবক ও কর্মী পর্যায়ক্রমে সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। তবে সৌদি সরকারের নতুন নিয়ম অনুযায়ী মিনা, আরাফাহ এবং মুজদালিফায় অবস্থান ও যাতায়াতের ক্ষেত্রে হজযাত্রীদের সম্ভাব্য কিছু ভোগান্তি নিয়ে হজ এজেন্সিগুলোর মধ্যে কিছুটা আশঙ্কা কাজ করছে। এজেন্সিগুলো সরকারকে এই বিষয়ে কার্যকর তদারকি করার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য যে, এ বছর হজের প্রশাসনিক কার্যক্রম এবং ফ্লাইট ব্যবস্থাপনায় সরকার বাড়তি গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী নিজে ফ্লাইটের উদ্বোধন করায় পুরো প্রক্রিয়াটি আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। হজযাত্রীরা যাতে কোনো ধরনের প্রতারণা বা দুর্ভোগের শিকার না হন সে লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয় কঠোর নজরদারি বজায় রেখেছে। আগামীকাল রাত থেকেই শুরু হওয়া এই বিশেষ ফ্লাইট কার্যক্রম চলবে আগামী কয়েক সপ্তাহ ধরে যা সফলভাবে সম্পন্ন করতে সকল সংস্থা একযোগে কাজ করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন