মে ২২, ২০২৬, ০৪:৪০ পিএম
চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ২১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫ জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছেন। আজ শুক্রবার মক্কার বাংলাদেশ হজ অফিস মৃত্যুর এই বিষয়টি নিশ্চিত করেছে।নতুন করে তিনজন হজযাত্রী মক্কা ও মদিনায় মারা গেছেন।
এর মধ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা সুলতানা চৌধুরী মক্কায় স্বাভাবিকভাবে মারা যান। বাকি দুজন মদিনায় মারা গেছেন, তারা হলেন সিরাজগঞ্জের মো. জাকির হোসেন এবং কুষ্টিয়ার মো. কামাল হোসাইন।
এদিকে সরকারি বুলেটিনের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত মোট ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১৯৯টি ফ্লাইটে তারা জেদ্দা, মক্কা ও মদিনায় পৌঁছান।সৌদি আরবে অবস্থানরত হাজিদের স্বাস্থ্য ও আইটি সেবার কার্যক্রম পুরোদমে চলছে।
মক্কা ও মদিনায় স্থাপিত চিকিৎসা কেন্দ্র থেকে এখন পর্যন্ত ৪৩ হাজার ৪৪০টি স্বয়ংক্রিয় চিকিৎসাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে হজযাত্রীদের বিভিন্ন ধরনের ২০ হাজার ২৮৮টি ডিজিটাল সেবা দেওয়া হয়েছে। আগামী ২৬ মে মঙ্গলবার পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা তথা আরাফাহর ময়দানে অবস্থানের মধ্য দিয়ে হজ অনুষ্ঠিত হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন