মে ১৫, ২০২৬, ০৩:০৪ পিএম
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই সৌদি আরবের মক্কা ও মদিনায় আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) মক্কার বাংলাদেশ হজ অফিস বিষয়টি নিশ্চিত করেছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে মোট ১৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো।নিহতদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী।
সবশেষ মারা যাওয়া দুজন হলেন গাজীপুর সদরের বাসিন্দা নাসরীন জাহান এবং সাভারের নুসরাত শারমীন। হজ অফিসের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার সকাল পর্যন্ত ৫৬ হাজার ৬৫৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৫২ হাজার ১১৫ জন। মোট ১৪৬টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি পৌঁছান।
সৌদি আরবে অবস্থানরত হাজিদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্থাপিত কেন্দ্র থেকে এখন পর্যন্ত ২৭ হাজার ১১৬টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। আইটি হেল্পডেস্ক থেকে হাজিরা সেবা পেয়েছেন ১৬ হাজার ৪৩০টি।
এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজ পালন করবেন ৭৮ হাজার ৫০০ জন। ঢাকার সৌদি দূতাবাস থেকে ইতিমধ্যে ৭৮ হাজার ৩৭৮টি ভিসা ইস্যু করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৪ হাজার ৪৫৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনার রয়েছে ৭৩ হাজার ৯২৩টি ভিসা।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। ফিরতি এই কার্যক্রম শেষ হবে আগামী ৩০ জুন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন