এপ্রিল ১৭, ২০২৬, ১০:৩০ এএম
২০২৬ সালের পবিত্র হজের প্রথম ফ্লাইটটি আজ রাতে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে উড়াল দিবে। এই যাত্রাকে সামনে রেখে রাজধানীর আশকোনা হজক্যাম্প এখন হজযাত্রীদের পদচারণায় মুখর। ঠিক এমন সময়ে হজযাত্রীদের সুযোগ-সুবিধা এবং সার্বিক প্রস্তুতি সরেজমিনে দেখতে আকস্মিক পরিদর্শনে যান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি হজক্যাম্পে উপস্থিত হন। মন্ত্রীর এই হঠাৎ উপস্থিতিতে হজ অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হজক্যাম্পে পৌঁছানোর পর ধর্মমন্ত্রী সরাসরি বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন। মন্ত্রী প্রথম হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানের খুঁটিনাটি বিষয়ে খোঁজখবর নেন।
একই সঙ্গে হজযাত্রীরা ক্যাম্পে কেমন আছেন, তাদের প্রস্তুতি কতটুকু এবং থাকার জায়গা থেকে শুরু করে খাবারের মান কেমন—সেসব বিষয় তিনি নিজেই যাচাই করেন।পরিদর্শনকালে মন্ত্রী বেশ কয়েকজন হজযাত্রীর সঙ্গে সরাসরি কথা বলেন। তাদের পবিত্র এই সফরের প্রস্তুতি এবং হজক্যাম্পের পরিবেশ নিয়ে কোনো অভিযোগ আছে কি না, তা জানতে চান তিনি। হজযাত্রীরা যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সেজন্য কর্মকর্তাদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি। মন্ত্রী উল্লেখ করেন যে, হজযাত্রীরা হচ্ছেন মহান আল্লাহর মেহমান। তাই তাদের প্রতিটি সেবাকে কেবল দায়িত্ব নয়, বরং ইবাদত বা খেদমত হিসেবে দেখতে হবে।
এ সময় ধর্মমন্ত্রী ক্যাম্পে কর্মরত বিভিন্ন স্বেচ্ছাসেবক দলের টিম লিডারদের সাথেও কথা বলেন। তিনি সাফ জানিয়ে দেন, হজের মতো একটি সংবেদনশীল বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার। হজযাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে, নিরাপদে এবং নির্বিঘ্নে তাদের সফর সম্পন্ন করতে পারেন, সেটিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এই পবিত্র কাজে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।
রাত গভীর হওয়া পর্যন্ত ধর্মমন্ত্রী আশকোনা হজক্যাম্পের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। তিনি নিজে উপস্থিত থেকে বিভিন্ন কার্যক্রমের তদারকি করায় হজযাত্রীদের মধ্যেও এক ধরণের স্বস্তি লক্ষ্য করা গেছে। কর্মকর্তারা মন্ত্রীকে আশ্বস্ত করেছেন যে, এ বছর হজ ব্যবস্থাপনায় কোনো ত্রুটি রাখা হবে না। প্রথম ফ্লাইটের যাত্রীদের বিদায় জানানোর যাবতীয় আনুষ্ঠানিকতা এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন