রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বন্ধ চিনিকল পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: শিল্পমন্ত্রী

আবু সালেহ মোঃ রায়হান

মে ৯, ২০২৬, ০২:৩৯ পিএম

বন্ধ চিনিকল পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: শিল্পমন্ত্রী

পঞ্চগড় চিনিকলে বক্তব্য দিচ্ছেন শিল্পমন্ত্রী

দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি উল্লেখ করেছেন, এই প্রক্রিয়ায় আখচাষী ও শ্রমিকদের স্বার্থ এবং প্রতিষ্ঠানের লাভজনক পরিচালনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

শনিবার (৯ মে) সকালে পঞ্চগড় সুগার মিলস লিমিটেড কারখানা প্রাঙ্গণে আয়োজিত আখচাষীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, “এই মিলগুলো বাংলাদেশের সাধারণ মানুষের সম্পদ। 

এগুলোর সৎ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আমরা চাই বন্ধ শিল্পকারখানাগুলো আবার উৎপাদনে ফিরুক, যাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় এবং স্থানীয় অর্থনীতি চাঙ্গা হয়।”

শিল্পমন্ত্রী তাঁর বক্তব্যে চিনিকলগুলোর জরাজীর্ণ অবস্থার কথা উল্লেখ করে বলেন, বর্তমানে চালু থাকা এবং বন্ধ থাকা অধিকাংশ মিলের বয়স ৫০ থেকে ৭০ বছর পার হয়েছে। ফলে আধুনিকায়ন, সংস্কার ও নতুন প্রযুক্তির সমন্বয় ছাড়া এসব প্রতিষ্ঠানকে পুনরুজ্জীবিত করা সম্ভব নয়। তিনি জানান, কোথাও নতুন যন্ত্রপাতি বসানো হবে, আবার কোথাও অবকাঠামোগত আমূল পরিবর্তন আনা হবে। তবে সব পরিকল্পনার মূলে থাকবে আখচাষীদের সঠিক মূল্য প্রাপ্তি এবং শ্রমিকদের কাজের নিশ্চয়তা।

খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, একটি চিনিকল সচল থাকলে শুধু শ্রমিকরা নয়, এর সঙ্গে সংশ্লিষ্ট কয়েক হাজার কৃষক ও ব্যবসায়ী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হন। শিল্পকারখানা সচল হলে মানুষের হাতে অর্থের প্রবাহ বাড়ে এবং এর ফলে দারিদ্র্য হ্রাস পায়। সেই লক্ষ্য নিয়েই বর্তমান সরকার শিল্প পুনরুজ্জীবনের কাজ এগিয়ে নিচ্ছে।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)-এর চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, জেলা পরিষদের প্রশাসক মো. তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এবং পঞ্চগড় সুগার মিলসের ব্যবস্থাপক আতিকুজ্জামান। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক আখচাষী সভায় অংশ নেন।

উল্লেখ্য, পঞ্চগড় সুগার মিলস লিমিটেড ১৯৬৬-৬৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৬৯-৭০ সালে এর উৎপাদন কার্যক্রম শুরু হয়। দৈনিক ১,০১৬ মেট্রিক টন আখ মাড়াই ক্ষমতা সম্পন্ন এই মিলটি দীর্ঘদিন বন্ধ থাকায় এলাকার কৃষকরা চরম দুর্ভোগে ছিলেন। মন্ত্রীর আজকের এই সফরের মাধ্যমে উত্তরবঙ্গের এই অঞ্চলের চিনি শিল্পের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, সরকার চিনিকলগুলোর আধুনিকায়নের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের কাজ করছে।