মে ১৮, ২০২৬, ০৯:৪৯ এএম
আগামী ২৮, ২৯ ও ৩০ মে-র ঈদের বিশেষ ট্রেনের টিকিট চাঁদ দেখা সাপেক্ষে বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। ঈদের তারিখ ঘোষণার পরপরই নির্ধারিত দিনের এই টিকিটগুলো অনলাইনে উন্মুক্ত করা হবে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ট্রেনযাত্রা নিশ্চিত করতে রেলওয়ের বিশেষ কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, যদি ২৮ মে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়, তাহলে পরবর্তী দুই দিন অর্থাৎ ২৯ ও ৩০ মে-র ট্রেনের টিকিট ঈদের তারিখ নিশ্চিত হওয়ার পর অনলাইনে বিক্রি শুরু হবে। এতে যাত্রীরা চাঁদ দেখার সিদ্ধান্তের পর নির্ধারিত সময়েই টিকিট সংগ্রহের সুযোগ পাবেন।
এদিকে ঈদ শেষে রাজধানীতে ফেরা যাত্রীদের সুবিধার্থে ফিরতি যাত্রার টিকিট বিক্রির জন্য একটি সুনির্দিষ্ট সময়সূচিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২১ মে বিক্রি হবে ৩১ মে-র টিকিট এবং ২২ মে দেওয়া হবে ১ জুনের টিকিট।
২৩ মে ২ জুনের, ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে ৪ জুনের ফিরতি যাত্রার টিকিট অনলাইনে মিলবে।রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের অগ্রিম যাত্রার ক্ষেত্রে একজন যাত্রী একবারই টিকিট কিনতে পারবেন। এই অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ চারটি ঈদের বিশেষ ট্রেনের টিকিট সংগ্রহ করা যাবে।
এছাড়া অগ্রিম কেনা ঈদযাত্রার টিকিট কোনোভাবেই ফেরত দেওয়া যাবে না। যাত্রীসেবার অংশ হিসেবে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রির ব্যবস্থাও রাখা হয়েছে, তবে এই সুবিধা উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন