বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

কুরবানির ৩৬ হাজার টনের বেশি বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি

জাতীয় ডেস্ক

মে ৩১, ২০২৬, ০১:৪৯ পিএম

কুরবানির ৩৬ হাজার টনের বেশি বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি

ঈদুল আজহা উপলক্ষে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি পরিমাণ বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ঈদের দিন বৃহস্পতিবার থেকে শুরু করে গত শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৩৬ হাজার ৮৬ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। রোববার (৩১ মে) দুপুরে নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

কুরবানির পশুর হাট ও বর্জ্য অপসারণ সংক্রান্ত এই সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো আবদুস সালাম বিস্তারিত চিত্র তুলে ধরেন।

তিনি জানান, এবার দক্ষিণ সিটিতে কুরবানির বর্জ্য অপসারণের মূল লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩৩ হাজার ৯৪২ টন। তবে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে ইতোমধ্যে ৩৬ হাজার টনের বেশি বর্জ্য স্তূপ থেকে সরিয়ে ফেলা হয়েছে। বর্তমানেও বিভিন্ন এলাকায় বর্জ্য অপসারণের এই কার্যক্রম চলমান রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

দক্ষিণ সিটির আওতাধীন ১১টি পশুর হাটের বর্জ্য অপসারণের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। নিয়ম ও চুক্তি অনুযায়ী পশুর হাটের উৎপাদিত বর্জ্য পরিষ্কার করার সম্পূর্ণ দায়িত্ব ছিল সংশ্লিষ্ট ইজারাদারদের। কিন্তু চুক্তির শর্ত থাকা সত্ত্বেও তারা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেননি। শেষ পর্যন্ত সিটি করপোরেশনকেই নিজস্ব জনবল দিয়ে এই হাটগুলোর বর্জ্য অপসারণের অতিরিক্ত দায়িত্ব নিতে হয়েছে।

যেসব ইজারাদার চুক্তির শর্ত অমান্য করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের নিরাপত্তা জামানত সম্পূর্ণ বাজেয়াপ্ত করার পাশাপাশি ভবিষ্যতে কালোতালিকাভুক্ত করা হবে। আগামী বছর থেকে ইজারাদারদের জবাবদিহি নিশ্চিত করতে জামানতের পরিমাণ আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে।