সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,

সবার জন্য চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে পরীক্ষা-নিরীক্ষায় বিশেষ ছাড়

জাতীয় ডেস্ক

জুন ৪, ২০২৬, ১০:৫৪ এএম

সবার জন্য চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে পরীক্ষা-নিরীক্ষায় বিশেষ ছাড়

আগামী জুলাই মাস থেকে দেশের সব নাগরিকের জন্য হেলথ কার্ড চালু করতে যাচ্ছে সরকার। প্রথম ধাপে বগুড়া, সিরাজগঞ্জ, খুলনা, নরসিংদী এবং নোয়াখালী জেলায় এই সুবিধা পাওয়া যাবে।একটি ইলেকট্রনিক কার্ডের ভেতরেই থাকবে নাগরিকের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে এই কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে রাষ্ট্রক্ষমতায় আসার পর সরকার এখন তা বাস্তবায়নে কাজ করছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী নিজে বিষয়টি দেখভাল করছেন এবং দ্রুত গতিতে এর কাজ এগিয়ে যাচ্ছে।

এই কার্ডের মাধ্যমে সরকারি ও নির্ধারিত হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় বিশেষ ছাড় মিলবে।প্রতিটি রোগীর জন্য আলাদা একটি পরিচিতি নম্বর থাকবে এই কার্ডে। 

কার্ডটি পাঞ্চ করলেই পুরোনো রোগের ইতিহাসসহ যাবতীয় তথ্য ডিজিটাল পদ্ধতিতে দেখা যাবে। প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার জানান, প্রতিটি নাগরিক বছরে একবার বিনামূল্যে সাধারণ কিছু স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পাবেন।যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ভারতে স্বাস্থ্যখাতে ডিজিটাল সেবা ব্যর্থ হওয়ার অভিজ্ঞতা থেকে সরকারকে শিক্ষা নেয়ার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন।

তিনি মনে করেন, বিভিন্ন মডেল নিয়ে শুধু আলোচনা না করে কাজ শুরু করে দিতে হবে এবং কাজের মধ্য দিয়েই পরবর্তীতে প্রয়োজনীয় সংশোধন আনা যাবে। হেলথ কার্ডের সুফল প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে ব্যাপক প্রচারণার পাশাপাশি নির্দিষ্ট হাসপাতাল প্রস্তুত করার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ।