বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

তিন দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

জাতীয় ডেস্ক

জুন ৪, ২০২৬, ১১:৪৮ পিএম

তিন দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৃহস্পতিবার রাতে তিনি ঢাকায় পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। এই সফরটি দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

আগামীকাল শুক্রবার দুই পররাষ্ট্রমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠেয় এই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। বৈঠক শেষে সাংস্কৃতিক আদান-প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। 

এরপর উভয় পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমের সামনে তাদের বক্তব্য তুলে ধরবেন। সফরসূচি অনুযায়ী, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের জন্য কক্সবাজারে যাবেন।শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হাকান ফিদান।

এই সফরে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। ২০২০ সালের ডিসেম্বরের পর এটি তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। এছাড়া নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই কোনো গুরুত্বপূর্ণ দেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর।

সফরটি কেবল দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিকতা নয়, এর পেছনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তাও রয়েছে। গত ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তুরস্ক ঢাকার সঙ্গে যোগাযোগ জোরদার করেছে। আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে দুই দেশের ঘনিষ্ঠ যোগাযোগ বৃদ্ধি পাওয়ায় এই সফরের গুরুত্ব অনেক বেশি।