বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

পুশ-ইন প্রতিরোধে সীমান্তে নজরদারি জোরদার করেছে কোস্ট গার্ড

জাতীয় ডেস্ক

জুন ৫, ২০২৬, ০৮:৩৭ পিএম

পুশ-ইন প্রতিরোধে সীমান্তে নজরদারি জোরদার করেছে কোস্ট গার্ড

সীমান্তবর্তী এলাকায় পুশ-ইন প্রতিরোধ ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। যেকোনো অবৈধ অনুপ্রবেশ রুখতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় সার্বক্ষণিক টহল দিচ্ছে কোস্ট গার্ড।সংশ্লিষ্ট অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে এসব এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। বাহিনীটি জানিয়েছে, বাংলাদেশ-ভারত সীমান্তসংলগ্ন এলাকায় এখন পর্যন্ত কোনো পুশ-ইনের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা তৎপর রয়েছে।

সুন্দরবনসহ সীমান্ত সংলগ্ন অঞ্চলে গোয়েন্দা নজরদারি ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে।ড্রোন সারভেইলেন্সসহ পর্যবেক্ষণ ব্যবস্থা আরও আধুনিক করা হয়েছে। যেকোনো পুশ-ইন সংক্রান্ত তথ্য দ্রুত জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে কোস্ট গার্ড। তথ্য দিতে জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করতে বলা হয়েছে।