জুলাই ৭, ২০২৬, ০৫:২৬ পিএম
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদুর রহমান বলেছেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগের বিচার হবে। বিচার শেষে আদালতই রায় দেবে যে রাজনৈতিক দল হিসেবে দলটি দেশে থাকবে কি না।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডা. জাহেদুর রহমান জানান, নির্বাহী আদেশে বর্তমানে দলটির সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, তবে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে।
তদন্ত প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, বর্তমানে তদন্ত চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে এ বিষয়ে কাজ করা হচ্ছে। তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, আদালত সব পক্ষের বক্তব্য শুনেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। যদি বিচারিক প্রক্রিয়ায় দলটি নিষিদ্ধ না হয়, তবেই আদালত বিবেচনা করতে পারে তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে কি না। এটি সম্পূর্ণভাবে বিচারিক এখতিয়ারের বিষয় বলেও তিনি উল্লেখ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন