জুলাই ৮, ২০২৬, ০৮:১৮ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল সার্টিফিকেট অর্জনের জায়গা নয়, বরং এটি দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ইতিহাস বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং সর্বশেষ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনসহ দেশের সব ক্রান্তিলগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় আলোকবর্তিকা হিসেবে জাতিকে পথ দেখিয়েছে। তিনি নবীন শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই গৌরবময় ঐতিহ্য সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।
ব্যক্তিগত জীবনে নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরে কায়সার কামাল বলেন, কেবল পড়াশোনা নয়, শৃঙ্খলাবোধই একজন মানুষকে সফল করে তোলে। তিনি দেশ ও সমাজ গঠনে শিক্ষার্থীদের মেধা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে ইতিহাস বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন