বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

মধ্যপ্রাচ্য যুদ্ধে কত জন বাংলাদেশি নিহত, জানালেন মন্ত্রী

জাতীয় ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ০৬:৩৪ পিএম

মধ্যপ্রাচ্য যুদ্ধে কত জন বাংলাদেশি নিহত, জানালেন মন্ত্রী

মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে এ পর্যন্ত ১২ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

তিনি জানান, নিহতদের মধ্যে লেবাননে ৫ জন, সৌদি আরবে ৩ জন, সংযুক্ত আরব আমিরাতে ২ জন এবং ইরাক ও বাহরাইনে একজন করে বাংলাদেশি নাগরিক রয়েছেন।মন্ত্রী আরো জানান, যুদ্ধে নিহতদের মধ্যে একজনের মরদেহ সংশ্লিষ্ট দেশে দাফন করা হয়েছে এবং এরই মধ্যে নয়জনের মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে। নিহতদের পরিবারের অনুকূলে লাশ দাফন বাবদ বিমানবন্দর থেকে ৩৫ হাজার টাকা এবং বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

যুদ্ধের প্রেক্ষাপটে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২ জন নারী ও আটজন শিশুসহ মোট ১৮৬ জনকে নিরাপদে ফেরত আনা হয়েছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধপরিস্থিতিতে প্রবাসী কর্মীদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

প্রবাসী কর্মীদের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। বিমানবন্দর থেকে অসুস্থ ও মৃত কর্মী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স বহরে তিনটি নতুন ফ্রিজিং অ্যাম্বুলেন্স যুক্ত করা হয়েছে। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের লাগেজ বহনের সুবিধার্থে ২০০টি ট্রলি কেনার প্রক্রিয়া চলছে। আহত ও অসুস্থ কর্মীদের বিমানে ওঠা-নামার জন্য ১০টি হুইলচেয়ার সরবরাহ করা হয়েছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ স্থাপন ও মেডিকেল কর্নার স্থাপনের কাজও প্রক্রিয়াধীন রয়েছে।