জুলাই ১৪, ২০২৬, ০৩:৪৮ পিএম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামী ৫ আগস্টের মধ্যেই উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।জাদুঘরটির জন্য নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
সংস্কৃতিমন্ত্রী জানান, নতুন পরিচালনা কমিটির গেজেট পাসের প্রক্রিয়া চলছে। পাশাপাশি জনবল নিয়োগ ও নির্মাণকাজের কিছু অংশ বাকি থাকায় উদ্বোধনের আনুষ্ঠানিকতায় কিছুটা সময় লাগছে। সব কাজ দ্রুত শেষ করে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে তার সময় পাওয়া মাত্রই জাদুঘরটি সর্বসাধারণের জন্য উদ্বোধন করা হবে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জাদুঘর নির্মাণে কোনো ধরনের দুর্নীতির তথ্য পাওয়া গেলে বা অভিযোগ প্রমাণিত হলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।এদিকে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে সম্মান জানাতে আগামী ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন বিশেষ আয়োজন রাখা হয়েছে। এই সময়ের মধ্যেই জাদুঘরটি উদ্বোধন করা হবে।গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে এই জাদুঘর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন