শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

জাতীয় ডেস্ক

জুলাই ২৪, ২০২৬, ০৩:৩৬ পিএম

শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

ছবি - সংগৃহীত

ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শুক্রবার সকালে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর সেনানীদের স্মৃতির প্রতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে সম্মান জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এর আগে সকালে নৌসদর দপ্তরে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়।নৌসদরে পৌঁছানোর পর নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। নতুন নৌপ্রধান সুসজ্জিত গার্ড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। এ সময় নৌসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত ২৩ জুলাই নতুন নৌবাহিনী প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর দেশের বিশাল সমুদ্রসীমা ও সুনীল অর্থনীতির নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনীকে একটি শক্তিশালী ও আধুনিক ব্লু ওয়াটার নেভি হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন নৌ প্রধান। আধুনিক ফ্রিগেট, সাবমেরিন এবং রাডার সিস্টেমসহ অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা করার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।