আগস্ট ২২, ২০২৬, ০৭:৫৪ পিএম
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর সম-মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন জহির উদ্দিন স্বপন। শনিবার এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন এবং তা অবিলম্বে কার্যকর হবে।
অন্য এক প্রজ্ঞাপনে জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল তিন বি (এক) ও তিন বি (দুই) অনুযায়ী এই নিয়োগ কার্যকর করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই পদে দায়িত্ব পালনকালে জহির উদ্দিন স্বপন মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। তার এই নিয়োগের মাধ্যমে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে নতুন মাত্রা যুক্ত হলো।এর আগে শুক্রবার মন্ত্রিসভায় প্রথম রদবদলের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে জহির উদ্দিন স্বপনকে সরিয়ে দেওয়া হয়।
তার স্থলে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পরিবর্তনের এই প্রক্রিয়ায় সরকারের প্রশাসনিক কাঠামোতে বেশ কিছু রদবদল দৃশ্যমান হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন