বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

আদানির বিদ্যুৎকেন্দ্রে ত্রুটি বাড়ল লোডশেডিং

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৩:৩৯ পিএম

আদানির বিদ্যুৎকেন্দ্রে ত্রুটি বাড়ল লোডশেডিং

ছবি: সংগৃহীত

আদানির বিদ্যুৎকেন্দ্রে কারিগরি গোলযোগ দেখা দেওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমে এসেছে এবং এর প্রভাবে দেশজুড়ে লোডশেডিং বেড়েছে। ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত এই কয়লাভিত্তিক কেন্দ্রের একটি ইউনিট বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে হঠাৎ বিকল হয়ে যায়। কয়লা সংকট কাটিয়ে কেন্দ্রটি যখন উৎপাদন বাড়িয়ে এক হাজার ৪০০ মেগাওয়াট ছাড়িয়েছিল, তখনই এই কারিগরি বিভ্রাট ঘটে।

বিদ্যুৎ সরবরাহ হঠাৎ তলানিতে নেমেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পাওয়ার গ্রিড কোম্পানির তথ্য অনুযায়ী, ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে সরবরাহ কমে ৭৫০ মেগাওয়াটের নিচে নেমে এসেছে। কেন্দ্রের দায়িত্বশীল প্রকৌশলীরা জানিয়েছেন, একটি ইউনিটের বয়লারে সমস্যা শনাক্ত হয়েছে। অতিরিক্ত গরম বয়লার স্বাভাবিক তাপমাত্রায় ফিরতে অন্তত ৪৮ ঘণ্টা সময় লাগবে। এরপর মেরামতের কাজ শুরু হবে, ফলে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনে ফিরতে বেশ কয়েক দিন লেগে যেতে পারে।

দেশে দুই মাসের বেশি সময় ধরে তীব্র গ্যাস সংকটের কারণে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে উৎপাদন প্রায় দেড় হাজার মেগাওয়াট কমে আছে। পাশাপাশি পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট কারিগরি কারণে বন্ধ রয়েছে। কয়লা ঘাটতির কারণে উৎপাদন সীমিত রেখেছে বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্র ও পটুয়াখালীর আরেকটি কয়লাভিত্তিক কেন্দ্র।

বিকল্প জ্বালানি তেলভিত্তিক কেন্দ্রগুলো চালিয়েও এই ঘাটতি পুরোপুরি সামলানো যাচ্ছে না। বৃহস্পতিবার দুপুর তিনটায় দেশে লোডশেডিং সর্বোচ্চ তিন হাজার ৫৫৭ মেগাওয়াটে উঠেছিল, এমনকি ছুটির দিন শুক্রবার সকালেও আড়াই হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং হয়েছে।