শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,
পর্যটন সংবাদ

শুক্রবার ছুটির দিনে কক্সবাজার সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৯, ২০২৬, ০৭:০১ পিএম

শুক্রবার ছুটির দিনে কক্সবাজার সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার কক্সবাজার সমুদ্রসৈকতে নেমেছে পর্যটকদের উপচে পড়া ঢল। বিকেল গড়ার সঙ্গে সঙ্গে পর্যটকদের পাশাপাশি স্থানীয় দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে সৈকতের কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্ট। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হতে শুরু করায় বিশ্ববিখ্যাত এই সৈকতে মানুষের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বেড়েছে।

সৈকতে পর্যটক ও দর্শনার্থীদের ভিড় বাড়লেও দুর্ঘটনা এড়াতে এখনো লাল পতাকা টাঙানো রয়েছে। সমুদ্রে গোসল করার সময় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন লাইফগার্ড সদস্যরা। বিশেষ করে কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় তারা তৎপর রয়েছেন।

শুক্রবার বিকেলে সৈকতে ঘুরতে আসা পর্যটকদের কেউ পরিবারের সদস্যদের নিয়ে, আবার কেউ বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটাচ্ছেন। সমুদ্রের গর্জন ও ঢেউ উপভোগ করার পাশাপাশি ছবি তুলে ছুটির দিনের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করছেন অনেকে।

ঢাকা থেকে ঘুরতে আসা পর্যটক সালসাবিল সাবিলা বলেন, অনেক দিন পর কক্সবাজারে ঘুরতে এসেছি। আবহাওয়া আগের চেয়ে ভালো হওয়ায় সৈকতে এসে বেশ ভালো লাগছে। সমুদ্রের ঢেউ উপভোগ করছি, পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছি।

স্থানীয় বাসিন্দা সাজ্জাদ হোসেন বলেন, শুক্রবার ছুটির দিন হওয়ায় বিকেল থেকে সৈকতে মানুষের ভিড় অনেক বেড়েছে। পর্যটকদের পাশাপাশি স্থানীয় অনেক মানুষও ঘুরতে আসছেন। আবহাওয়া ভালো হতে শুরু করায় সৈকতে পুরনো প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

আরেক স্থানীয় বাসিন্দা বাবুল আহমদ বলেন, কক্সবাজারের সৈকত পর্যটকদের কাছে সব সময়ই দারুণ আকর্ষণীয়। ছুটির দিনে পর্যটকদের এমন উপস্থিতি দেখে ভালো লাগছে। তবে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের পাশাপাশি সবাইকে সচেতন থাকতে হবে। বিশেষ করে লাল পতাকা টাঙানো থাকলে সমুদ্রে নামার বিষয়ে বাড়তি সতর্কতা জরুরি।

এদিকে সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত লাইফগার্ড কর্মীরাও সজাগ রয়েছেন। তাদের ভাষ্য, সমুদ্রের পরিস্থিতি বর্তমানে তুলনামূলক ভালো থাকলেও অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে লাল পতাকা টাঙানো রয়েছে।

লাইফগার্ড সদস্য রশিদ আহমদ বলেন, সমুদ্রের পরিস্থিতি ভালো আছে। তবুও সতর্কতার অংশ হিসেবে লাল পতাকা টাঙানো হয়েছে। পর্যটকেরা পানিতে নামার পর যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, সে জন্য কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টে আমরা দায়িত্ব পালন করছি।

প্রধান সৈকত পয়েন্টগুলোর পাশাপাশি পর্যটকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে মেরিন ড্রাইভ সড়ক, হিমছড়ি, ইনানী ও পাটুয়ারটেক সৈকতেও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকেরা এসব দর্শনীয় স্থানে ঘুরে বেড়াচ্ছেন। আবহাওয়া পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে পর্যটকদের উপস্থিতি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে সমুদ্রে গোসলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং লাইফগার্ড সদস্যদের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।