অক্টোবর ১৩, ২০২৬, ১০:৩৩ এএম
বিশ্বজুড়ে নগরগুলোতে বায়ুদূষণ উদ্বেগজনক রূপ নিয়েছে। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে লাহোরের বায়ুমান স্কোর রেকর্ড করা হয়েছে ২০১।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এই মাত্রার বাতাস নাগরিকদের জন্য খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। গত কয়েকদিন ধরে ঢাকার বাতাসের মানও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। এদিন সকালে ১৫৮ স্কোর নিয়ে বৈশ্বিক দূষিত শহরের তালিকায় নবম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
আইকিউএয়ারের সূচক বিশ্লেষণ করে দেখা যায়, তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর, যার দূষণ স্কোর ১৯৪। একই সমান ১৯৪ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এছাড়া ১৮৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ভিয়েতনামের হ্যানয় এবং ১৭৯ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের আরেক শহর কলকাতা।
সংস্থাটির নির্ধারিত সূচক কাঠামো অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে বাতাসকে সহনীয় বা মাঝারি হিসেবে গণ্য করা হয়। বাতাসের স্কোর ১০১ থেকে ১৫০ এর মধ্যে পৌঁছালে তা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে ধরা হয়।
অন্যদিকে স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে তা সাধারণ মানুষের জন্য অস্বাস্থ্যকর বাতাস। স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে পৌঁছালে পরিবেশ খুবই অস্বাস্থ্যকর হয়ে পড়ে। কোনো শহরের দূষণ স্কোর ৩০১ অতিক্রম করলে সেটিকে দুর্যোগপূর্ণ অবস্থা হিসেবে চিহ্নিত করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন