নভেম্বর ১৫, ২০২৫, ০১:১৪ পিএম
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের দলীয় অবস্থান ও প্রার্থী তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে গণঅধিকার পরিষদ। শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর বাড্ডায় অবস্থিত এলেন কমিউনিটি সেন্টারে দলটির একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা শুরু হয়েছে।
এই সভার মাধ্যমেই আগামী নির্বাচনের জন্য দলের কৌশলগত রোডম্যাপ নির্ধারিত হবে বলে জানা গেছে।গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হচ্ছে।
সভার মূল এজেন্ডা হিসেবে রয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের অংশগ্রহণের ধরন নির্ধারণ করা।
অর্থাৎ, গণঅধিকার পরিষদ আগামী নির্বাচনে ৩০০ আসনে এককভাবে প্রার্থী দেবে, নাকি সমমনা দলগুলোর সঙ্গে জোটগতভাবে নির্বাচনে অংশ নেবে—সে বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হবে আজকের এই আলোচনা সভায়।
দলীয় সূত্রে জানা গেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সভায় অংশ নিতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা, মহানগর এবং অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত হয়েছেন। তৃণমূলের নেতাদের মতামত এবং মাঠপর্যায়ের সাংগঠনিক শক্তি বিবেচনা করেই প্রার্থী চূড়ান্তকরণ ও জোট গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচনকে সামনে রেখে এটি গণঅধিকার পরিষদের অন্যতম বড় সাংগঠনিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন