শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা’ ফিরবে: সালাহউদ্দিন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৫, ০২:১৫ পিএম

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা’ ফিরবে: সালাহউদ্দিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় গেলে সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে’ বক্তব্য দেওয়ার সময় তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সালাহউদ্দিন আহমদ তার বক্তব্যে বলেন, দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাসের প্রতিফলন ঘটাতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

এরই অংশ হিসেবে দল ক্ষমতায় গেলে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী এনে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ বাক্যটি রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে আবারও সংযোজন করা হবে। তার এই বক্তব্যে উপস্থিত জনতা স্লোগানে স্লোগানে সমর্থন জানান।উল্লেখ্য, সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে আয়োজিত এই মহাসম্মেলনটি মূলত কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং খতমে নবুওয়তের পবিত্র আকিদা রক্ষার দাবিতে অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনের অন্যতম দায়িত্বশীল মাওলানা মুহিউদ্দীন রব্বানী জানান, এই মহাসম্মেলনে যোগ দিতে এবং সংহতি প্রকাশ করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শীর্ষ স্থানীয় আলেম ও ইসলামিক চিন্তাবিদরা অংশগ্রহণ করেছেন। সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যান ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়েছে। রাজনৈতিক নেতাদের মধ্যে বিএনপির সালাহউদ্দিন আহমদ ছাড়াও বিভিন্ন ইসলামি দলের নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখছেন।