শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

যারা আল্লাহর রাসুলকে মানে না তারা মুসলিম হতে পারে না: সালাহউদ্দিন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৫, ০৪:০১ পিএম

যারা আল্লাহর রাসুলকে মানে না তারা মুসলিম হতে পারে না: সালাহউদ্দিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা মহান আল্লাহর রাসুলকে (সা.) মানে না এবং তাকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না, তারা মুসলিম হতে পারে না। তিনি বলেন, এই আকিদার প্রশ্নে বিএনপি একমত।

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণাসহ খতমে নবুয়ত পরিষদের সব দাবিদাওয়া নিয়ে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে’ যোগ দিয়ে তিনি এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিশ্রুতি দেন।সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাদের মুসলিম উম্মাহর মূল ভিত্তি হলো কালেমা— লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ।

তিনি আখেরি নবী; তার পরে কোনো নবী বা রাসুল আসবেন না। যারা এর পরে নিজেকে নবী বা রাসুল দাবি করে, তারা এই বিশ্বাসের সম্পূর্ণ বাইরে। তিনি আরও বলেন, আমরা আখেরি নবী হিসেবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর বিশ্বাস করেই কালেমা পড়ে মুসলিম হয়েছি। বাংলাদেশে এই পরিচয়কে আমরা সম্মান করি। তিনি আল্লামা ইকবালের ভাষায় মিল্লাতের একাত্মতা ধরে রাখার গুরুত্ব তুলে ধরেন।

এই মহাসম্মেলনটি মূলত কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদের উদ্যোগে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অংশ নেওয়া আলেম-ওলামারা জানান, তাদের দীর্ঘদিনের এই যৌক্তিক দাবিকে সংসদে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করার প্রতিশ্রুতি দেওয়ায় বিএনপিকে তারা সাধুবাদ জানান। বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেম-ওলামারা যোগ দেওয়া এই আয়োজনে দলমত নির্বিশেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলিম জনতা উপস্থিত ছিলেন।