নভেম্বর ১৯, ২০২৫, ০৯:৩৪ এএম
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে যাচ্ছে। দলটির পক্ষ থেকে প্রায় এক বছর আগেই প্রাথমিকভাবে সব আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। এতে চমক হিসেবে প্রায় ৮০ শতাংশ আসনে তরুণসহ নতুন মুখকে প্রাধান্য দেওয়া হয় এবং সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় তারা গণসংযোগ চালাচ্ছেন।
তবে এসব প্রার্থী চূড়ান্ত নয় বলে দলটির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল।সে অনুযায়ী এবার আরো চমক নিয়ে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে যাচ্ছে জামায়াত।
দলের বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই তালিকায় হিন্দুসহ বিভিন্ন ধর্মের প্রতিনিধি, সাংবাদিক, আলেম, পেশাজীবী এবং নারী ও ছাত্র নেতৃত্ব থেকে তরুণদের স্থান দেওয়া হতে পারে।
বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং চার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নির্বাচিতদের মধ্য থেকে কেউ কেউ প্রার্থী হতে পারেন বলেও আভাস পাওয়া গেছে। দলের বাইরে থেকেও আসা প্রার্থীরা জামায়াতের দাঁড়িপাল্লা অথবা অন্য প্রতীকে নির্বাচন করার সুযোগ পাবেন।দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গতকাল মঙ্গলবার আমার দেশকে জানিয়েছেন, ডিসেম্বরের প্রথম দিকে বা নির্বাচন কমিশন তফসিল ঘোষণার আগেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।
তিনি নিশ্চিত করেছেন, আগে ঘোষিত তালিকায় বেশ কিছু পরিবর্তন আসতে পারে। এই চূড়ান্ত তালিকাটি আন্দোলনরত আট দলের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে নির্ধারণ করা হবে।সূত্র মতে, জামায়াত আগামী নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। বিভিন্ন জরিপ এবং মাঠপর্যায়ের কার্যক্রমের ভিত্তিতে দলটির পক্ষে ব্যাপক জনসমর্থন বাড়ার তথ্য রয়েছে তাদের হাতে। সে অনুযায়ী আগামী নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে সরকার গঠনের টার্গেট নিয়ে এগোচ্ছে দলটি।
এজন্য ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা, প্রার্থিতায় বৈচিত্র্য আনাসহ নানা কৌশল অবলম্বন করছেন তারা। গত ৪ নভেম্বর ওমরাহ পালন শেষে প্রেস ব্রিফিংয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান জানিয়েছিলেন, সময়মতো চূড়ান্ত তালিকা কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করা হবে। তিনি গত সোমবার রাজধানীতে এক দলীয় অনুষ্ঠানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে দেশ ও জাতির জন্য একটি টার্নিং পয়েন্ট বলে মন্তব্য করেন এবং নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে সর্বশক্তি নিয়োগ করার আহ্বান জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন