নভেম্বর ১৯, ২০২৫, ০৫:৫৮ পিএম
দেশের জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন লাভ করার পরও তিনি ব্যক্তিগত কারণ ও দাওয়াতি কাজে মনোযোগ দেওয়ার জন্য নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছেন।
আজ বুধবার (১৯ নভেম্বর) সকালে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে আজহারীর প্রার্থিতা ঘোষণা করেছিলেন।
তবে দলীয় সূত্রে জানা গেছে, ঘোষণার পরপরই মনোনয়ন সত্ত্বেও তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় হাইকমান্ডকে জানিয়ে দিয়েছেন। আজহারী মূলত তার ব্যক্তিগত কাজ এবং ইসলামের দাওয়াতি কার্যক্রমে পূর্ণ মনোযোগ দিতে চান বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
আজহারীর এই আকস্মিক সিদ্ধান্তে দলের অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকের মতে, মিজানুর রহমান আজহারীর যে ব্যাপক জনপ্রিয়তা ও তরুণদের মধ্যে গ্রহণযোগ্যতা রয়েছে, তা ঢাকা-৫ আসনটিতে জামায়াতের পক্ষে ইতিবাচক ভূমিকা রাখতে পারত। তার সরে দাঁড়ানোয় দলের নির্বাচনি কৌশলে কিছুটা প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তারা।
ঐতিহ্যগতভাবে গুরুত্বপূর্ণ ঢাকা-৫ আসনটি নিয়ে জামায়াত এখন পুনর্বিবেচনা করছে। দলটির নীতিনির্ধারকদের একাংশ ইতিমধ্যে এ আসন থেকে কামাল হোসেন নামের একজন প্রার্থীর প্রচারণা চালিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করছে বলে জানা গেছে।দাওয়াত ও ব্যক্তিগত কারণ দেখিয়ে আজহারীর সরে দাঁড়ানোর ঘটনায় ঢাকা-৫ আসনের নির্বাচনি সমীকরণ দ্রুত বদলে গেল। এখন জামায়াত নেতৃত্ব দ্রুতই চূড়ান্ত প্রার্থী নির্ধারণের মাধ্যমে তাদের নির্বাচনি পরিকল্পনা নতুন করে সাজানোর প্রস্তুতি নিচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন