শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

দলীয় বিবেচনায় ইন্স্যুরেন্স কোম্পানি ও ব্যাংক দিয়েছিল আ. লীগ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৫, ০৬:৫৮ পিএম

দলীয় বিবেচনায় ইন্স্যুরেন্স কোম্পানি ও ব্যাংক দিয়েছিল আ. লীগ

বিগত সময়ে দেশে লুটের বড় ধরনের মহোৎসব হয়েছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, আওয়ামী লীগ দলীয় বিবেচনায় ইন্স্যুরেন্স কোম্পানি ও ব্যাংক দিয়েছিল।

বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ব্যাংক থেকে মালিকরা টাকা নিয়ে যাওয়া, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বিভিন্নভাবে টাকা বের করে নেওয়া—এই সংস্কৃতিটা বিগত দিনগুলোতে পরিপূর্ণভাবে চলেছে।

যারা ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে বা ইন্স্যুরেন্স থেকে টাকা নিয়ে গেছে, তারা লাভবান হয়েছে। কিন্তু এসব কোম্পানি শেষ হয়ে গেছে অনেক ক্ষেত্রেই।বিএনপির এই নেতা বলেন, সত্যিকার অর্থে বাংলাদেশে এতগুলো ইন্স্যুরেন্স কোম্পানির প্রয়োজনই ছিল না। শুধুমাত্র দলীয় লোকজনকে সুবিধা দিতে গিয়ে অর্থনৈতিক খাতকে ধ্বংস করা হয়েছে। ব্যাংকের পর ব্যাংক, ইন্স্যুরেন্সের পর ইন্স্যুরেন্স—দলীয় বিবেচনায় লাইসেন্স দেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, তৎকালীন ম্যানেজমেন্ট নিজেরাই স্বীকার করেছে যে তাদের দলীয় কারণে অনুমোদন দিতে হয়েছিল।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই অবস্থা শুধু ব্যাংক ও ইন্স্যুরেন্সে সীমাবদ্ধ নয়। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতেও একই অবস্থা। ইউনিভার্সিটির নামে লাইসেন্স নিয়ে টাকা-পয়সা লুট করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এরা শিক্ষাপ্রতিষ্ঠান, লাভবান প্রতিষ্ঠান নয়—এখানে বিনিয়োগ করার কথা ছিল দেশের মানুষের ভবিষ্যতের জন্য।বিএনপির এই নেতা ওয়াদা করে বলেন, আগামী দিনে যদি জাতীয়তাবাদী দলকে জনগণ দেশের দায়িত্ব দেয়, তবে এই অবস্থা চলতে দেওয়া হবে না। তিনি বলেন, এইসব জায়গায় বড় ধরনের সংস্কার হবে।

রেগুলেটরি বডি: রেগুলেটরি বডিগুলোকে শক্তিশালী করতে হবে, নিরপেক্ষ করতে হবে, দলীয়করণ থেকে বাইরে রাখতে হবে।পেশাদারিত্ব: প্রফেশনালি পরিচালনা করতে হবে।তিনি বলেন, আগামীর বাংলাদেশ ঘুরে দাঁড়াতে হলে সবার আগে জবাবদিহিতার আওতায় আসতে হবে।