শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

একটি দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল

এনামুল মবিন (সবুজ)

নভেম্বর ২৬, ২০২৫, ০৭:৪৪ পিএম

একটি দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল

ছবি-দিনাজপুর টিভি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তিনি আরও বলেন, "তারা বলছে, একদিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে দেশে জেনোসাইড (গণহত্যা) হবে। '৭১ সালে গণহত্যার সহযোগী ছিল দলটি, এখন গণহত্যা করতে দেওয়া হবে না।"

তিনি আগামী দিনে দেশে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ক্ষমতায় আনার আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, "দিনাজপুর-৪ আসনে জনপ্রিয় নেতা আখতারুজ্জামান মিয়াকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলে দোয়া করবেন, তাঁকে দিনাজপুরে বিপুল ভোটে জয়যুক্ত করে উত্তরাঞ্চলে উন্নয়ন করার সুযোগ করে দিবেন।"

আজ বুধবার (২৬ নভেম্বর) বিকেলে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের সুইহারীবাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়ার সভাপতিত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় খানসামা বিএনপি নেতা আমিনুল ইসলাম চৌধুরী বিএসসি, সাইদ আহমেদ সেলিম বুলবুল, সফিকুল ইসলাম, রবিউল আলম তুহিন, সাখাওয়াত হোসেন লিটন, চিরিরবন্দর বিএনপি নেতা নুর আলম সরকার দুলু, আলহাজ্ব মমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।