শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

দেশে ফিরেই অসুস্থ মাকে দেখতে যাবেন তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৪, ২০২৫, ০১:১৯ পিএম

দেশে ফিরেই অসুস্থ মাকে দেখতে যাবেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মাতৃভূমিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর তার প্রথম কর্মসূচি হবে অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রথম দিনের সূচি ও সংবর্ধনা: সালাহউদ্দিন আহমদ জানান, তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সেখান থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন।

সেখানে দীর্ঘ সময় ধরে চিকিৎসাধীন থাকা তার মা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেবেন এবং তার সাথে সময় কাটাবেন। তবে বিমানবন্দর থেকে হাসপাতালে যাওয়ার পথে রাজধানীর ৩০০ ফিট এলাকায় নেতাকর্মীদের আয়োজিত একটি সংক্ষিপ্ত গণসংবর্ধনায় তিনি যোগ দেবেন।জনভোগান্তি নিয়ে বার্তা: তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, নেতাকর্মীদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাসের কারণে বিমানবন্দর ও পার্শ্ববর্তী এলাকায় সাধারণ মানুষের চলাচলে কিছুটা সমস্যা হতে পারে।

জনভোগান্তির কথা মাথায় রেখেই তিনি বড়দিন বা সরকারি ছুটির দিনটিকে দেশে ফেরার জন্য বেছে নিয়েছেন। তারপরও যেটুকু ভোগান্তি হতে পারে, তার জন্য দল ও নেতার পক্ষ থেকে আমরা আগেই দুঃখ প্রকাশ করছি।"উল্লেখ্য, ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পর দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে মা ও ছেলের সরাসরি দেখা হয়নি। রাজনৈতিক বন্দিত্ব ও নির্বাসনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে মা-ছেলের এই পুনর্মিলন বিএনপির নেতাকর্মীদের কাছে এক আবেগঘন মুহূর্ত হিসেবে ধরা দিচ্ছে।