ডিসেম্বর ২৪, ২০২৫, ০৩:৩৪ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামীকালকের (২৫ ডিসেম্বর) স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনশৃঙ্খলা রক্ষা ও ভিভিআইপি নিরাপত্তার স্বার্থে তার চলাচলের পুরো রুট এবং তৎসংলগ্ন এলাকায় সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়। ডিএমপি অধ্যাদেশের ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
ড্রোনমুক্ত থাকবে যেসব এলাকা (রুট ম্যাপ): ডিএমপির বিজ্ঞপ্তি অনুযায়ী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে তারেক রহমানের সম্ভাব্য যাতায়াতের নির্দিষ্ট রুটগুলো ড্রোনমুক্ত থাকবে। এলাকাগুলো হলো:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জসীমউদ্দীন রোড।এয়ারপোর্ট রোড হয়ে কুড়িল ফ্লাইওভার।৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (পূর্বাচল) হয়ে এভারকেয়ার হসপিটাল এলাকা।এয়ারপোর্ট থেকে বনানী সড়ক হয়ে কামাল আতাতুর্ক এভিনিউ।গুলশান-২ সার্কেল থেকে গুলশান নর্থ এভিনিউ হয়ে তারেক রহমানের বাসভবন পর্যন্ত এলাকা।
ডিএমপি কমিশনার স্পষ্ট জানিয়েছেন, কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া উল্লিখিত এলাকায় ড্রোন ওড়ানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তারেক রহমানের নিরাপত্তায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলার পাশাপাশি সাধারণ মানুষের জানমালের সুরক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএমপি এই নিরাপত্তা কার্যক্রম সফল করতে নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন