ডিসেম্বর ২৪, ২০২৫, ০৫:০৯ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টায় তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলামের কাছ থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দিনাজপুরে প্রথমবার খালেদা জিয়া: দলীয় সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়া এবার দিনাজপুর-৩ সদর আসনসহ দেশের মোট তিনটি আসন থেকে নির্বাচন করবেন।
রাজনৈতিক জীবনে এবারই প্রথম তিনি দিনাজপুরের কোনো আসন থেকে নির্বাচনে লড়ছেন। এর আগে দিনাজপুরকে বিএনপির ‘দুর্গ’ হিসেবে বিবেচনা করা হলেও দলীয় প্রধান এখানে প্রার্থী হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে।বিপুল ভোটে জয়ের আশাবাদ মনোনয়নপত্র সংগ্রহ শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি সাংবাদিকদের বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এটি হয়তো শেষ নির্বাচন। তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দিনাজপুরবাসী দেশের সর্বোচ্চ ভোটে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ।
শুধু বিএনপি নয়, দিনাজপুরের সাধারণ মানুষ দল-মত নির্বিশেষে তার নির্বাচনী প্রচারণা থেকে ভোটগ্রহণ পর্যন্ত সাথে থাকবেন।নির্বাচনী তফশিল ঘোষণার পর থেকেই দিনাজপুর সদর আসনে বিএনপি প্রধানের প্রার্থিতা নিয়ে ব্যাপক গুঞ্জন ছিল। আজ আনুষ্ঠানিকভাবে ফরম সংগ্রহের মধ্য দিয়ে সেই গুঞ্জনের অবসান ঘটল। বেগম খালেদা জিয়ার এই লড়াকু অংশগ্রহণ দিনাজপুরের নির্বাচনী সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন