শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুক্রবার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৪, ২০২৫, ০৫:২৩ পিএম

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুক্রবার

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন–২০২৫ আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে সারা দেশ থেকে সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করবেন।

বুধবার (২৪ ডিসেম্বর) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সম্মেলনের বিস্তারিত সময়সূচি জানানো হয়।

প্রথম অধিবেশন: শুক্রবার সকাল ৮টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হবে। উদ্বোধনী পর্বের পর দেশ-বিদেশের বরেণ্য মেহমান, বিশিষ্ট ইসলামিক স্কলার এবং আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে বেলা ১টায় প্রথম অধিবেশন শেষ হবে।

সমাপনী অধিবেশন: যোহর ও মধ্যাহ্নভোজের বিরতি শেষে দুপুর ২টা থেকে শুরু হবে সমাপনী অধিবেশন।নতুন নেতৃত্ব নির্বাচন: সম্মেলনের এই সমাপনী অধিবেশনেই সদস্যদের প্রত্যক্ষ ভোটে কেন্দ্রীয় সভাপতি নির্বাচন এবং সেক্রেটারি জেনারেল মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর নবনির্বাচিত সভাপতির সমাপনী বক্তব্য এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে ২০২৫ সেশনের বার্ষিক সদস্য সম্মেলনের কার্যক্রম সমাপ্ত হবে।

উল্লেখ্য, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এবং দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর রাজধানীতে ছাত্রশিবিরের এই বড় পরিসরের সদস্য সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্মেলন সফল করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সংগঠনটি।