শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

তারেক রহমানের ফ্লাইট ছাড়বে কখন যা জানালেন: সালাহউদ্দিন আহমদ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৪, ২০২৫, ০৬:১৩ পিএম

তারেক রহমানের ফ্লাইট ছাড়বে কখন যা জানালেন: সালাহউদ্দিন আহমদ

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বুধবার মধ্যরাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন। তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নেতার ফেরার পূর্ণাঙ্গ সূচি তুলে ধরেন।

ফিরছেন বাংলাদেশ বিমানে: সালাহউদ্দিন আহমদ জানান, তারেক রহমান কোনো চার্টার্ড ফ্লাইটে নয়, বরং বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সপরিবারে দেশে ফিরছেন। লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী আজ মধ্যরাতে হিথ্রো বিমানবন্দর থেকে ফ্লাইটটি উড্ডয়ন করবে।

সিলেটে যাত্রা বিরতি ও ঢাকায় অবতরণ: তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি আগামীকাল বৃহস্পতিবার সকালে প্রথমে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রা বিরতি করবে। এরপর সেখান থেকে উড্ডয়ন করে বেলা ১১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে ইনশাআল্লাহ।সংবর্ধনা ও পরবর্তী কর্মসূচি: ঢাকায় বিমানবন্দরে পৌঁছানোর পর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন।

বিমানবন্দর থেকে তিনি সড়কপথে সরাসরি এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। তবে যাওয়ার পথে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত একটি সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।নেতাকর্মীদের উদ্দেশ্যে সালাহউদ্দিন আহমদ বলেন, নেতার আগমণ ঘিরে বিমানবন্দরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনভোগান্তি এড়াতে সকলকে সুশৃঙ্খলভাবে অবস্থানে থাকার আহ্বান জানান তিনি।