বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বোদায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২৫, ০৯:১৪ পিএম

বোদায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পঞ্চগড়ের বোদায় বিশাল গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় বোদা উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এই জানাজা সম্পন্ন হয়।

জানাজায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের কয়েক হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

জানাজার পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত স্মৃতিচারণ সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন এবং দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তাঁর আপসহীন নেতৃত্বের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

এ সময় বক্তব্য রাখেন বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা এবং সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়। এছাড়াও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, রায়হানুল আলম প্রধান রিয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফ ও উপজেলা যুবদলের আহ্বায়ক এলাহি কুদরত ই আমিন সাগরসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। তাঁর মৃত্যুতে দেশ এক অভিভাবকশূন্য অবস্থায় উপনীত হলো। তিনি আজীবন দেশের সার্বভৌমত্ব ও জনগণের ভোটাধিকার রক্ষায় লড়াই করেছেন।” জানাজা শেষে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় ওলামায়ে কেরাম।