জানুয়ারি ২, ২০২৬, ০৬:৫৫ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার ২ জানুয়ারি কক্সবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত জানান।
মূলত প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে উপস্থাপন করতে না পারা এবং মামলা-সংক্রান্ত জটিলতা থাকার কারণে তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে।
হেভিওয়েট এই প্রার্থীর প্রার্থিতা বাতিলের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে কক্সবাজার-২ আসনে মোট সাতজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে হামিদুর রহমান আযাদ ছাড়াও গোলাম মাওলা নামে আরও একজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
তবে প্রার্থিতা বাতিলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীরা আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন। যথাযথ তথ্য ও প্রমাণ উপস্থাপনের মাধ্যমে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ থাকায় জামায়াত শিবিরের নেতাকর্মীদের মধ্যে এখন আপিলের প্রস্তুতি নিয়ে আলোচনা চলছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন