বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

সুরভীর সাথে ন্যায়বিচার হয়নি পুরো বিষয়টি বানোয়াট: নাহিদ ইসলাম

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৬, ১১:১৮ এএম

সুরভীর সাথে ন্যায়বিচার হয়নি পুরো বিষয়টি বানোয়াট: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের পরিচিত মুখ তাহরিমা জান্নাত সুরভীর বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘বানোয়াট’ এবং তাঁর সাথে ‘অন্যায্য’ আচরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (৫ জানুয়ারি) মধ্যরাতে সদ্য জামিনে মুক্তি পাওয়া সুরভীর টঙ্গীর বাসায় তাঁর খোঁজ নিতে এসে তিনি এ কথা বলেন।

সুরভীর পরিবারের সাথে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, জুলাই যোদ্ধা সুরভীর সঙ্গে ন্যায়বিচার হয়নি। পুরো বিষয়টি সাজানো ও বানোয়াট।

নির্বাচনকে সামনে রেখে কিছু মিডিয়া গণ-অভ্যুত্থানের সামনের সারিতে থাকা ব্যক্তিদের চরিত্রহননের অপচেষ্টা চালাচ্ছে। সুরভীর ঘটনাটিও সেই ষড়যন্ত্রের একটি অংশ।

তিনি আরও সতর্ক করে বলেন, দলের ভেতরে অনুপ্রবেশকারী একটি গোষ্ঠী দেশে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। আমাদের সবাইকে এই ষড়যন্ত্রকারীদের বিষয়ে সচেতন থাকতে হবে।গত ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে একটি চাঁদাবাজির মামলায় সুরভীকে গ্রেপ্তার করেছিল যৌথ বাহিনী। সোমবার দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক সৈয়দ ফজলুল মাহাদী সুরভীর দুই দিনের রিমান্ডের আদেশ দিলে আদালতপাড়ায় ক্ষুব্ধ ‘ছাত্র-জনতা’ বিক্ষোভ শুরু করেন।

জনরোষ ও আইনজীবীদের যুক্তির প্রেক্ষিতে সোমবার বিকেলেই পরিস্থিতি বদলে যায়। অতিরিক্ত জেলা দায়রা জজ-১-এর বিচারক অমিত কুমার দে সুরভীর রিমান্ড আদেশ বাতিল করে তাঁর চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন। সন্ধ্যা নাগাদ আইনি প্রক্রিয়া শেষে তিনি মুক্তি পেয়ে বাসায় ফেরেন।

রাতে নাহিদ ইসলাম সুরভীর বাসায় পৌঁছালে সেখানে এনসিপির গাজীপুর মহানগর ও টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সুরভী ও তাঁর পরিবারকে আইনি ও রাজনৈতিকভাবে পাশে থাকার আশ্বাস দেন দলীয় নেতৃবৃন্দ।