জানুয়ারি ৮, ২০২৬, ০৫:১৫ পিএম
কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ঋণখেলাপি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন যারা জনগণের টাকা মেরে দিয়ে বা ঋণখেলাপি করে বিদেশে সন্তানদের লেখাপড়া করায় আমরা তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেব।
জনগণের টাকা আত্মসাৎ করে জনসেবা করার কোনো প্রয়োজন নেই। বৃহস্পতিবার সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার বাজার মসজিদের সামনে এক দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
শহীদ শরীফ ওসমান হাদির মাগফিরাত কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।হাসনাত আব্দুল্লাহ উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন।
রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ইনসাফ ও ন্যায়ের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে তার মতে আগামী নির্বাচনকে কেন্দ্র করে দেশে দুটি পক্ষ তৈরি হয়েছে যার একটি গোলামির পক্ষ এবং অন্যটি স্বাধীনতার পক্ষ। তিনি স্পষ্ট জানান যে তারা সর্বদা দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে এবং স্বাধীনতার পক্ষে অবস্থান নেবেন। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন এই সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে এবং জনগণের সাথে জনগণের। ভারত যদি আওয়ামী লীগের চশমা দিয়ে বাংলাদেশকে দেখার চেষ্টা করে তবে সেটি হবে তাদের এই প্রজন্মের জন্য সবচেয়ে বড় ভুল।
শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এই এনসিপি নেতা। তিনি অভিযোগ করেন যে দীর্ঘ ছয় মাসের পরিকল্পনায় হাদিকে হত্যা করা হয়েছে এবং ঘাতকদের পার্শ্ববর্তী দেশ থেকে মদত দেওয়া হয়েছে। প্রকাশ্যে দিবালোকে এই হত্যাকাণ্ড ঘটলেও বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত প্রধান আসামিদের গ্রেপ্তার করতে না পারায় তিনি একে প্রশাসনের ব্যর্থতা হিসেবে অভিহিত করেন। হাসনাত আব্দুল্লাহর মতে হাদি ভাই শিখিয়ে গেছেন রাজনীতি কেমন হওয়া উচিত এবং সেই আদর্শ বুকে নিয়ে তারা রাজনীতিকে গণমানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চান। তিনি ঘোষণা দেন যে হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের লড়াই রাজপথে অব্যাহত থাকবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন