জানুয়ারি ২২, ২০২৬, ১১:৪২ এএম
সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির প্রথম আনুষ্ঠানিক নির্বাচনী জনসভা শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
দীর্ঘ প্রায় দুই দশক পর সিলেটে তারেক রহমানের কোনো জনসভায় সশরীরে অংশগ্রহণকে কেন্দ্র করে পুরো সিলেট বিভাগে উৎসবের আমেজ বিরাজ করছে। সকাল থেকেই সিলেট ও সুনামগঞ্জসহ আশেপাশের জেলাগুলো থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হন।
ভোর হওয়ার আগেই সিলেটের বিভিন্ন উপজেলা থেকে বাস ও ট্রাকযোগে নেতাকর্মীরা নগরীতে প্রবেশ করতে শুরু করেন। সকাল ১০টার আগেই আলিয়া মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় ।
এবং বিপুল সংখ্যক মানুষ মাঠের জায়গা না পেয়ে আশেপাশের রাস্তা ও ভবনের ছাদে অবস্থান নেন নেতাকর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকার পাশাপাশি ধানের শীষের বড় প্রতিকৃতি এবং তারেক রহমানের ছবিসংবলিত অসংখ্য ব্যানার-ফেস্টুন দেখা গেছে। এই জনসভার মাধ্যমেই বিএনপি তাদের দেশব্যাপী নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক ঘোষণা দিল। জনসভাস্থলে নিরাপত্তার জন্য পুলিশ ও র্যাবের পাশাপাশি দলের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
মঞ্চে তারেক রহমানের সাথে দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। এই সমাবেশ থেকে তারেক রহমান সিলেট ও সুনামগঞ্জ জেলার ১১টি সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের জনগণের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। এছাড়া জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে রাষ্ট্র সংস্কার ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে। মঞ্চের একটি অংশে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ বসার ব্যবস্থা করা হয়েছে।
সিলেটের এই বিশাল জনসভা শেষ করে তারেক রহমান সড়কপথে ঢাকা অভিমুখে রওনা হবেন। যাত্রাপথে মৌলভীবাজারের শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আয়োজিত পথসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। বুধবার রাতে সিলেটে পৌঁছে তিনি হযরত শাহজালাল রহ. ও হযরত শাহপরান রহ. এর মাজার জিয়ারত করেন এবং রাতে তার শ্বশুরবাড়িতে অবস্থান করেন। বিএনপির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন এই জনসভার বিশাল জনসমাগম প্রমাণ করে যে সাধারণ মানুষ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনে উন্মুখ হয়ে আছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন