শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

ঢাকার বিভিন্ন আসনে প্রচারে ব্যস্ত জামায়াতের প্রার্থীরা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২২, ২০২৬, ১১:৫৩ এএম

ঢাকার বিভিন্ন আসনে প্রচারে ব্যস্ত জামায়াতের প্রার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারের প্রথম দিনেই রাজধানী ঢাকার নির্বাচনি ময়দানে সরব উপস্থিতি জানান দিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকার বিভিন্ন সংসদীয় আসনে দলটির প্রার্থীরা বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে গণসংযোগে নেমে পড়েছেন। ভোটারদের হাতে লিফলেট তুলে দেওয়া এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাওয়ার মধ্য দিয়ে রাজধানীর পাড়া-মহল্লায় এখন নির্বাচনি আমেজ বিরাজ করছে। 

ঢাকার ২০টি সংসদীয় আসনের মধ্যে জামায়াতে ইসলামী ১৩টিতে নিজস্ব প্রার্থী দিয়েছে এবং বাকি আসনগুলোতে ১০ দলীয় জোটের শরিকদের সমর্থন দিচ্ছে। 

সকাল থেকেই ঢাকা-৫, ঢাকা-৬ ও ঢাকা-৭ সহ গুরুত্বপূর্ণ আসনগুলোতে জামায়াত প্রার্থীদের সরব পদচারণা লক্ষ্য করা গেছে।প্রচারণার শুরুতেই ঢাকা-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন তার নির্বাচনি এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। 

ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় কর্মীদের নিয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে যান এবং একটি ইনসাফ কায়েমের সমাজ গড়ার প্রতিশ্রুতি দেন। অন্যদিকে ঢাকা-৬ আসনে দলটির প্রার্থী ড. আব্দুল মান্নান তার নির্বাচনী এলাকায় লিফলেট বিতরণ ও পথসভার মাধ্যমে প্রচার শুরু করেছেন। প্রচারের প্রথম দিনেই তিনি নির্বাচন ব্যবস্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে দাবি করেছেন। একইভাবে ঢাকা-৭ আসনে হেভিওয়েট প্রার্থী হাজী হাফেজ এনায়েত উল্লাহর পক্ষে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় বড় ধরনের শোডাউন ও গণসংযোগের খবর পাওয়া গেছে।

তবে আজকের প্রচারণার মূল আকর্ষণ হচ্ছে ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের জনসভা। মিরপুর-১০ নম্বরের আদর্শ স্কুল মাঠে দুপুর আড়াইটায় এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১০ দলীয় জোট মনোনীত এই প্রার্থীর জনসভা সফল করতে গত রাত থেকেই মিরপুর এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জামায়াত। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ডা. শফিকুর রহমান দেশবাসীর উদ্দেশে তার দলের নির্বাচনী ইশতেহারের মূল বার্তাগুলো তুলে ধরবেন। এছাড়া ঢাকা-১২ আসনে সাইফুল আলম এবং অন্যান্য আসনে জামায়াত প্রার্থীরা স্থানীয়ভাবে ছোট ছোট মিছিল ও পথসভার মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন।

নির্বাচনি আচরণবিধি অনুযায়ী দুপুর ২টা থেকে প্রচার শুরু হওয়ার কথা থাকলেও অনেক প্রার্থী সকাল থেকেই ঘরোয়া বৈঠক ও ব্যক্তিগত পর্যায়ে ভোটারদের সাথে যোগাযোগ শুরু করেন। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানিয়েছে যে ঢাকার এই সরব প্রচারণার রেশ ধরে আগামী দু-তিন দিনের মধ্যে সারাদেশের প্রতিটি জনপদে দলটির নির্বাচনি কর্মকাণ্ড ছড়িয়ে পড়বে। বিশেষ করে আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে জামায়াত আমিরের সফরের মধ্য দিয়ে প্রচারণায় নতুন গতি আসবে। রাজপথে দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগান এবং সুশৃঙ্খল কর্মীদের লিফলেট বিতরণ রাজধানীর সাধারণ ভোটারদের মধ্যেও নতুন কৌতূহল ও উদ্দীপনা সৃষ্টি করেছে।