জানুয়ারি ২২, ২০২৬, ১২:২৮ পিএম
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন যে তার দল ক্ষমতায় গেলে দেশের ৪ কোটি পরিবারকে বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। বৃহস্পতিবার সকালে সিলেটে ‘দ্যা প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই পরিকল্পনার কথা জানান। তারেক রহমান বলেন এই ফ্যামিলি কার্ডের মূল সুবিধাভোগী হবেন পরিবারের প্রধান নারী সদস্যরা।
দেশের প্রান্তিক ও মধ্যবিত্ত মানুষের খাদ্য নিরাপত্তা ও জীবনযাত্রার মানোন্নয়ন নিশ্চিত করতেই এই যুগান্তকারী উদ্যোগ নেওয়া হবে। গত ১৭ বছরের অভিজ্ঞতা ও দেশের মানুষের অভাব-অভিযোগ বিবেচনা করেই বিএনপি এই মাস্টারপ্ল্যান তৈরি করেছে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে তরুণদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন তারেক রহমান। তিনি বলেন একটি গণতান্ত্রিক ব্যবস্থায় অবাধ ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হলে তারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে।
জনগণের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন বা সুশাসন সম্ভব নয়। তারেক রহমান আরও জানান যে বিএনপি ক্ষমতায় গেলে কারিগরি শিক্ষাকে আধুনিকায়ন করা হবে যাতে বিদেশ গমনেচ্ছু তরুণরা দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠে। এছাড়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেল চালুর পরিকল্পনাও তার দলের রয়েছে।অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ সিলেট বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
তারেক রহমান তরুণদের আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে অভিহিত করেন। তিনি স্পষ্ট করে বলেন যে কেবল ক্ষমতার পরিবর্তন নয় বরং একটি মানবিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনই হবে তাদের সরকারের অগ্রাধিকার। তরুণরা তাদের কর্মসংস্থান ও শিক্ষার ভবিষ্যৎ নিয়ে যে শঙ্কার কথা জানিয়েছেন তারেক রহমান তার প্রতিটি পয়েন্টে আশ্বস্ত করে বলেন যে যোগ্যতার ভিত্তিতে চাকরির সুবর্ণ সুযোগ নিশ্চিত করা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন